বরানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। উত্তর শহরতলির যাত্রীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুতগতিতে এগোচ্ছে বারানগর-বারাকপুর মেট্রো করিডরের কাজ।
বর্তমানে এই প্রকল্পের ফেজ সার্ভের কাজ চলছে। মেট্রো রুটের নীচে থাকা বিভিন্ন পাইপলাইন, ভূগর্ভস্থ পরিকাঠামো এবং অন্যান্য পরিষেবা লাইন চিহ্নিত করার জন্য আধুনিক প্রযুক্তির সাহায্যে সমীক্ষা চালানো হচ্ছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বারানগর থেকে বারাকপুর পর্যন্ত মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে প্রায় ১২.২ কিলোমিটার। পুরো পথে মোট ১০টি স্টেশন থাকার কথা রয়েছে। প্রস্তাবিত স্টেশনগুলির মধ্যে রয়েছে বরানগর, কামারহাটি, আগরপাড়া, পানিহাটি, সোদপুর, খড়দহ, টিটাগড়, তালপুকুর এবং বারাকপুর।
এই নতুন মেট্রো পরিষেবা চালু হলে উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। প্রতিদিন কলকাতামুখী হাজার হাজার যাত্রীর জন্য এটি হয়ে উঠতে পারে দ্রুত, আরামদায়ক এবং গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম।
বারাকপুর মেট্রো প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সঙ্গে উত্তর শহরতলির যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে বলেই মনে করা হচ্ছে। এখন সকলের নজর প্রকল্পের পরবর্তী ধাপ এবং কবে থেকে মূল নির্মাণকাজ শুরু হয়, সেদিকেই।
No Comment! Be the first one.